শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০২

অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল।



ইতোপূর্বে অস্ট্রেলিয়ার রিপাবলিকান আন্দোলনে নেতৃত্ব দেওয়া টার্নবুল ক্যানবেরায় দেশটির গভন জেনারেল স্যার পিটার কসগ্রোভের কাছে শপথ নেন। যুক্তরাজ্যের রানি এলিজাবেথের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন গভর্নর জেনারেল। অস্ট্রেলিয়া যুক্তরাজ্যের রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে মান্য করে থাকে।



এর আগে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল লিবারেল পার্টির শীর্ষস্থানচ্যুত হয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ হারান টনি অ্যাবোট।  তিনি তার সরকারেরই যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুলের কাছে ভোটাভুটিতে হেরে যান। দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সোমবার গভীর রাতে মধ্য-ডানপন্থি লিবারেল পার্টির ভোটে প্রতিদ্বন্দ্বী টার্নবুলের ৫৪ ভোটের কাছে হেরে যান ৪৪ ভোট পাওয়া অ্যাবোট।



মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণে অ্যাবোট ক্ষমতা ছাড়ার দিনটিকে ‘কঠিন’ বলে বর্ণনা করে পরিবর্তনের প্রক্রিয়াকে যথাসম্ভব ‘সহজ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অ্যাবোট বলেন, তার সরকার যথাযথ বা পরিপূর্ণ ছিলনা। কিন্তু কিছু অর্জন তো তালিকায় স্থান পাবে। তবে তিনি রাজনীতির মঞ্চ থেকে বিদায় নেবেন কিনা এ ব্যাপারে কিছু বলেননি।



সাংবাদিকদের অ্যাবোট বলেন, এটি একটি কঠিন দিন। কিন্তু যখন আপনি এই খেলায় যুক্ত হবেন তখন তার নিয়মও মেনে নিতে হবে।

IMG0

 

অপরদিকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে টার্নবুল বলেন, আমি পরিপূর্ণভাবে আশা করছি আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা সেই ভিত্তিগুলোকে এগিয়ে নিতে পারবো যা আসছে বছর আমাদের সাফল্য নিশ্চিত করবে। তবে টার্নবুল প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

 

২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। রয়টার্স