সিরিয়ায় নির্মাণাধীন সামরিক ক্ষেত্রের মধ্যে অবস্থিত বিমানক্ষেত্রে সাতটি ট্যাঙ্ক মোতায়েন করেছে রাশিয়া। সোমবার যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ কথা জানিয়ে বলেছেন মস্কোর ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের সাম্প্রতিক তৎপরতার উদ্দেশ্য পরিষ্কার না।
বেশ কিছুদিন ধরে সিরিয়ায় নিজেদের তৎপরতার বিষয়টি ব্যাখ্যার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়ছে রাশিয়া। সিরিয়ায় সাড়ে চার বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে দেশটি।
বিষয়টিকে ‘গোয়েন্দা ব্যাপার’ আখ্যায়িত করে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি না হলেও এর একজন মুখপাত্র বলেছেন, মস্কো একটি অত্যাধুনিক বিমান পরিচালনা ক্ষেত্র স্থাপন করার পরিকল্পনা করেছে বলে সাম্প্রতিক তৎপরতায় ধারণা পাওয়া যাচ্ছে।
IMG0
মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, লাতাকিয়ার দক্ষিণে লোকজন ও জিনিসপত্রের নড়াচড়া লক্ষ করেছি আমরা। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারা অগ্রসর বিমান পরিচালনা ক্ষেত্র হিসেবে ঘাঁটিটি ব্যবহার করতে চাইছে।
গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাশিয়ার সাতটি টি-৯০ ট্যাঙ্ক লাতাকিয়ার কাছের ওই বিমানক্ষেত্রটিতে দেখা গেছে। রয়টার্স
