বটিয়াঘাটা ইউএনওসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৮
খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বিল্লাল হোসেন খানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি অরিন্দম গোলদার বাদী হয়ে মঙ্গলবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন।
 
মামলার অপর আসামিরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নৈশ প্রহরী সেলিম হোসেন, শুকুর আলী ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইমরান হোসেন।
 
বাদী পক্ষের আইনজীবী মঞ্জুরুর রহমান লিটিল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও প্রতিকৃতি সংরক্ষণ আইন ২০০১ এর ৫ ধারায় মামলাটি করা হয়েছে। আদালতের বিচারক হাদীউজজামান শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়েছেন।
 
এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও প্যানা বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে টানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন খানের নির্দেশে এগুলো খুলে টয়লেটের সেফটি ট্যাংক ও ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
 
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সুজিত অধিকারী ও অ্যাডভোকেট মঞ্জুরুর রহমান লিটিল।