গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে নাজমুল হোসেন (২০) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের আদালত এ দণ্ডাদেশ দেন।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত একাদশ শ্রেণির ১ম বর্ষের ওই ছাত্রীকে প্রায় ৭/৮ মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে ওই যুবক উত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই ছাত্রী অভিভাবকদের জানালে মঙ্গলবার সকালে তারা ওই যুবকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন। পুলিশ ওই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে ওই যুবককে গ্রেফতার করে। পরে ইউএনও’র পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নাজমুলকে এ দণ্ড দেয়। সে উপজেলার মোক্তারপুর এলাকার শিংলাব গ্রামের বাসিন্দা।
