রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’ মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুল আযহার অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। যদি রেলের কোনো কর্মকর্তা-কর্মচারি কালোবাজারির সাথে সম্পৃক্ত হয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
এবার ঈদে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিডিউল বিপর্যয় রোধে রেলওয়ের সকল কর্মকর্তা কর্মচারী সজাগ রয়েছেন’
মুজিবুল হক জানান, ঈদের আগে ৩ দিন এবং ঈদের পরে ৭ দিন স্পেশাল ট্রেন সার্ভিস পরিচালিত হবে। তিনি বলেন, ‘রেলওয়ে সব সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সীমিত ক্ষমতা দিয়ে সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। যাত্রী পরিবহনে কোনো সংকট থাকবে না। বর্তমানে ৮৮৬টি যাত্রীবাহী কোচ সাথে আরো ১৩৮টি কোচ যোগ হয়েছে। ১৯৯ ইঞ্জিনের সঙ্গে আরো ২২৪টি ইঞ্জিন যুক্ত করা হচ্ছে।’
খবর বাসসের।
