দীর্ঘ ৫৯ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা রংপুরের মিঠাপুকুর উপজেলার বাণিজ্যকেন্দ্র শঠিবাড়ী বন্দরের সাড়ে তিন একর সরকারি খাস জমি দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ক্রেন দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।
শঠিবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্গাপুর মৌজায় ১নং খাস খতিয়ান ভুক্ত তিন একর ৩০ শতক সম্পত্তি রয়েছে। প্রায় ৫৯ বছর আগে বেদখল করেন স্থানীয় বজলার রহমান সরকার নামে এক ব্যক্তি। এর আগে জায়গাটিতে শ্মশান ছিল। কিন্তু, কৌশলে বজলার রহমান সরকার ওই জমিগুলো বেদখল করে মার্কেট নির্মাণ করেন। মার্কেটটিতে অর্ধশতাধিক দোকান ছিল। ওইসব দোকানের বিপরীতে প্রায় দেড় কোটি টাকা জামানত গ্রহণ করেন বজলার রহমানের ছেলেরা। এ বিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন আদালতে মামলা করেন। দীর্ঘদিন উচ্চ আদালতে মামলা চলার পর অবশেষে ওই সম্পত্তি খাস খতিয়ানভুক্ত হয়। মঙ্গলবার নির্বাহী ম্যাজিট্রেট ওই জমি দখল মুক্ত করেন। নির্বাহী ম্যাজিট্রেটের দায়িত্বে ছিলেন মিন্টু বিশ্বাস ও মামুন-অর রশীদ। তারা পুলিশ নিয়ে গিয়ে ক্রেন দিয়ে ওই জমিতে থাকা প্রায় ৫০টি দোকন ঘর গুঁড়িয়ে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর রশীদ জানান, আদালতের রায়ে জমিটি দখলমুক্ত করা হচ্ছে।
