কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩৩
কুমিল্লায় লুডু খেলাকে কেন্দ্র করে একরামুল হক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকাধীন দক্ষিণ নোয়াপাড়া গ্রামের নারান্যার দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত একরামুল হক ওই গ্রামের মোকছেদ মিয়ার পুত্র।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকাধীন নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের চা দোকানে লুডু খেলার নামে জুয়া খেলাকে কেন্দ্র করে গত চারদিন আগে একরামুল হকের (৩০) সঙ্গে একই গ্রামের পরান মিয়া, জামাল মিয়া, শাহজাহান মিয়া ও বাবুলের বাক্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রাম্য শালিসেও বিষয়টির সুরাহা হয়নি। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে একরামুল হককে নোয়াপাড়া গ্রামের নারান্যার দিঘীরপাড়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।  স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।