গাইবান্ধায় সার্বিক ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রতিদিনই মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত সোমবার বিকেল চারটা থেকে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে গত ছয়দিনে শিশু ও নারীসহ ডায়রিয়ায় আক্রান্ত হলো ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে ৭০ ভাগ পৌর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী।
এর কারণ হিসাবে সিভিল সার্জন বলেন, ‘পৌরৃৃ এলাকায় নর্দমা, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেশি হতে পারে।’ তবে গাইবান্ধা পৌর মেয়র শামছুল আলম দাবি করেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দুর্বল নয়। পৌর এলাকার লোকজন কেবল সরবরাহ প্রকল্পের পানি পান করেই ডায়রিয়ায় আক্রান্ত হননি। পৌর এলাকার অনেক মানুষ অগভীর নলকূপের পানি পান করেও আক্রান্ত হয়েছেন।
