মংলা-ঘাসিয়াখালী নৌরুটের সংযোগকারী তিনটি সরকারি খাল প্রভাবশালী এক ব্যক্তি জবর দখল করে চিংড়ি চাষ করছে বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বে ওই খালগুলোর বাঁধ অপসারণ ও দখলমুক্ত করতে সরকারি উদ্যোগ নেয়া হলেও রহস্যজনক কারণে তা কার্যকর হয়নি। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ওই ব্যক্তি সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারি খাল তার দখলে রেখেছে। আর এ সকল খাল দখলমুক্ত ও বাঁধ অপসারণ না হওয়ায় মূল চ্যানেলের নাব্যতা ও স্রোত ঠিক থাকছে না। অপরদিকে এলাকাবাসীকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস পূর্বে মংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের পাইস্যাখালী নামক অপর আরেকটি খাল স্থানীয় প্রশাসন উন্মুক্ত করে দেয়ার কিছুদিনের মধ্যেই ওই খালটির গোড়ার (শেষের অংশ) অংশে পুনরায় বাঁধ দিয়ে নিজের দখলে নিয়ে চিংড়ি ঘের করে আসছেন ঐ ব্যক্তি। প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর কেউ মুখ খুলতে সাহস পায় না।
