রাজধানীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই বিদেশি নাগরিক। বঙ্গবাজারে একটি আবাসিক হোটেলে দুই বিদেশি নাগরিককে পিটিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন- যুক্তরাষ্ট্রের নাগরিক সোলেইমান (২৮) ও নরওয়ের নাগরিক লিবান (৩২)। তারা কাকরাইল মসজিদে তাবলিগ জামাতে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। তাৎক্ষণিকভাবে ওই আবাসিক হোটেলের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মিলন জানান, তিনি বঙ্গবাজার দিয়ে যাওয়ার সময় ওই হোটেলের সামনে দুই বিদেশিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে শাহবাগ থানায় নিয়ে যান। পরে শাহবাগ থানার এসআই মনির তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান। ওই দুই বিদেশি নাগরিকের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই হোটেলের দুই কর্মচারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
