কুমিল্লায় অস্ত্রসহ কালাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকালে জেলার লাকসাম উপজেলার নরপাটি সাহেবপাড়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটক কালাম জেলার লাকসাম উপজেলার নরপাটি (দশপাড়া) গ্রামের আলী আশরাফের ছেলে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার বিকালে জেলার লাকসাম উপজেলার নরপাটি সাহেবপাড়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি রিভলবারসহ 'সন্ত্রাসী' কালামকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে মঙ্গলবার রাতেই লাকসাম থানায় মামলা হয়েছে।
