সৌদি আরবের মক্কায় আল-হারাম মসজিদে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ জনের প্রত্যেকের পরিবারকে দশ লাখ সৌদি রিয়াল বা ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। একইভাবে যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের প্রত্যেককে ৫ লাখ রিয়াল বা ১কোটি ৪ লাখ টাকা দেয়া হবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। এদিকে আল-হারামের সংস্কার কাজে নিয়োজিত বিন লাদেন গ্রুপকে আপাতত বাদ দেয়া হয়েছে।
অন্যদিকে নিহতদের পরিবারকে ৩২ মিলিয়ন সৌদি রিয়াল ক্ষতিপূরণ দেবে প্রকল্পের ইন্স্যুরেন্স কোম্পানি। এই হিসেবে প্রত্যেকের পরিবার পাবেন ৩ লাখ সৌদি রিয়াল। যেসব মুসল্লি নিহত হয়েছেন তাদের প্রত্যেকের দুইজন আত্মীয় সৌদি বাদশাহের অতিথি হিসেবে আগামী বছর হজ করতে পারবেন।
সৌদি আরবের সৌদি-২ চ্যানেল জানায়, আহত মুসল্লিরাও আগামী বছর সৌদি বাদশাহের অতিথি হিসেবে হজ করতে পারবেন। ওই দুর্ঘটনায় আহত হয় প্রায় ৪শ’।
