কমলাপুরে টিকেট কালোবাজারি সন্দেহে আটক ৩

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫২
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকেট কালোবাজারি সন্দেহে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকাল ৯ টার দিকে টিকেটের জন্য লাইনে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়।
 
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত থেকেই টিকেট প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাঁরা অভিযোগ করেন, আটক এই ব্যক্তিদের কাউকেই তাঁরা আগে লাইনে দেখেননি।  সকালেই তারা লাইনে প্রবেশ করেছে। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে কমলাপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।