আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৬


যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার আলাস্কার ইলিয়ামনা শহরের ইস্ট উইন্ড লেকে বিমানটি বিধ্বস্ত হয় বলে বুধবার গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিমানটিতে ১০ জন আরোহী ছিলেন।

জানা গেছে, উড্ডয়নের পরপরই ডিএইচসি-থ্রিটি টারবাইন ওট্টের বিমানটি আলাস্কার ইলিয়ামনা শহরের ইস্ট উইন্ড লেকে বিধ্বস্ত হয়।

উদ্ধারকর্মীরা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা সবাই আলাস্কার বাইরের অধিবাসী।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) মুখপাত্র ক্লিন্ট জনসন বলেন, বিমানটিতে অতিথি ছিলেন, গাইড ছিলেন এবং অবশ্যই ক্রুরাও ছিলেন।

বিমান বিধ্বস্তের কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।