নেপালে মঙ্গলবার নতুন জাতীয় সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিবর্ষণে চার জন নিহত হয়েছে। তাদের মধ্যে চার বছরের এক শিশু রয়েছে। চলতি সপ্তাহে নতুন এ সংবিধান কার্যকর হওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলের রুপানদেহি জেলায় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছোঁড়ে। তারা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং স্থানীয় একটি পুলিশ স্টেশন ভাঙচুর করে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।
জেলা পুলিশ প্রধান রাজেন্দ্র ধাকাল ফোনে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বিক্ষোভকারীরা হুমকি হয়ে উঠায় পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়। এতে চারজন নিহত হয়। দুর্ভাগ্যক্রমে চার বছরের এক শিশুও নিহত হয়।
নেপালের দক্ষিণাঞ্চলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা ভয়াবহ সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো একটি নতুন সংবিধান প্রশ্নে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছানোর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আইনপ্রণেতারা রোববার নতুন সংবিধানের ওপর ভোট দেন এবং আগামী ২০ সেপ্টেম্বর প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য তাঁর দপ্তরে পাঠানো হবে।
নতুন সংবিধানে দেশটিকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। বেশ কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তাদের ভাষ্য, দেশ ভাগ তাদের রাজনৈতিক অংশগ্রহণকে সীমিত করবে।
নেপালে ২০০৮ সালে নতুন জাতীয় সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়। বাসস
