কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (৪০) নামের এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় বুধবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মৃত আকবর মিয়ার ছেলে।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, মহাসড়কের নোয়াবাজার এলাকায় বাদাম বিক্রেতা ফরিদ মিয়া সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
