অস্ট্রেলিয়ার অর্থনীতিকে গতিশীল করার অঙ্গীকার টার্নবুলের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২২

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ধনকুবের ও সাবেক ব্যাংকার ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ার অর্থনীতিকে গতিশীল করার এবং তার পূর্বসূরির বিভাজনের দৃষ্টিভঙ্গি অবসানের অঙ্গীকার করেছেন।


টার্নবুল আইন প্রণেতাদের উদ্দেশে বলেন, একজন অস্ট্রেলীয় হিসেবে আমরা অত্যন্ত উত্তেজনাকর সময়ে বাস করছি। ম্যালকম টার্নবুল বলেন, অস্ট্রেলিয়াকে একটি উচ্চ মজুরির, উদার সামাজিক কল্যাণমুখী অর্থনীতি হিসেবে টিকে থাকতে হলে একে বেগবান ও গতিশীল হতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি বলেন, অস্ট্রেলিয়াকে অবশ্যই ভবিষ্যৎ-দর্শী হতে হবে। আর এ জন্য চাই আত্মবিশ্বাস ও নেতৃত্ব।


মার্জিত ও রুচিশীল সাবেক ব্যারিস্টার ও সাংবাদিক টার্নবুল বারবার সহযোগিতার ভিত্তিতে সরকার পরিচালনার অঙ্গীকার করেছেন।
৬০ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, মন্ত্রিসভা পরিচালিত সরকার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের একটি যৌথপদ্ধতি।
তিনি বলেন, আমি একটি প্রচলিত মন্ত্রিসভা-চালিত সরকারের নেতৃত্ব দেবো। বাসস