সংগীতশিল্পী লাকী আখন্দের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিায়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যকে এ তথ্য জানান।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বর্তমানে থাইল্যান্ডের পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন। চলতি মাসের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
লাকী আখন্দ একাধারে সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার।
১৯৮৪ সালে বাজারে আসা তার প্রথম একক অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘সুমনা’র মতো গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’ মৃত্যুর পর সঙ্গীতাঙ্গন থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নেন এই গুণী শিল্পী।
প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে লাকী আবারও ফিরে আসেন শ্রোতাদের মাঝে।
