সাতক্ষীরার আশাশুনিতে মটরসাইকেলের ধাক্কায় মোমেনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে আশাশুনি-প্রতাপনগর সড়কের কাছারিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আবু দাউদ (৩৫)। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত মোমেনা খাতুন প্রতাপনগরের গদাইপুর গ্রামের মৃত রউফ খাঁর স্ত্রী।
স্থানীয়রা জানায়, মটর সাইকেল চালক দাউদ দুপুরে আশাশুনি যাওয়ার পথে খাজরা ইনিয়নের গদাইপুর গ্রামের কাছারিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোমেনা খাতুনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোমেনা খাতুন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে পথিমধ্যে তিনি মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
