আদিতমারী আ’লীগের সভাপতিকে হত্যার চেষ্টা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৮
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে (৪৫) হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই থানা পুলিশ  ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি গ্রামের মতি মিয়া (৩৫), নুরুল হক (৪৫), সেলিম মিয়া (১৯) ও আব্দুল জলিল (২৮)।
 
এলাকাবাসী জানান, কমলাবাড়ি ইউনিয়নের চরিতাবাড়ি বাজারে কাজ শেষ করে মোটর সাইকেল যোগে রাতে বুড়িরদিঘী বাজারে যাচ্ছিল শওকত আলী। পথিমধ্যে চরিতাবাড়ি এলাকায় ওঁৎ পেঁতে থাকা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে। এলোপাতারি মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার বাম হাতে, মাথায় ও পিটসহ বেশ কিছু স্থানে জখম হয়। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন।
 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে আটক করেছে। তিনি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে।