দেশকে সম্পূর্ণরূপে দারিদ্র্য মুক্ত করা সম্ভব : এএইচএম নোমান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:০৫
 
 
বেসরকারি সংস্থা ডরপ'র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান বলেছেন, "দারিদ্র বিমোচনে সরকারকে বিনিয়োগ করতে হবে। মাকে কেন্দ্র করে সেই বিনিয়োগ করতে হবে। সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘মাতৃত্বকালীন ভাতা’ ও ‘স্বপ্ন প্যাকেজ’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি দুটি পাবলিক পুয়র প্রাইভেট পার্টনারশিপের (পিপিপিপি) মাধ্যমে এক প্রজন্ম ২০ বছর মেয়াদে বাস্তবায়ন করতে পারলে দেশকে সম্পূর্ণরূপে দারিদ্রমুক্ত করা সম্ভব।"
 
বুধবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘ডরপ’ আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : প্রসঙ্গ-সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মূল বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কাজী রোজি ও নূরজাহান বেগম মুক্তা, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
 
অনুষ্ঠানে ডরপ’র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান মূল বক্তব্য উপস্থাপনের পর আলোচনায় অংশগ্রহন করেন দৈনিক ইত্তেফাকের ম্যানেজিং এডিটর আশিস সৈকত। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের ইকোনমিক এডিটর জামাল উদ্দিন।