মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় মাদক চোরাচালানীদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় শটগান থেকে পুলিশ গুলি ছুড়লে চোরাচালানীরা মোবাইল ও গাঁজা ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আজ বুধবার বিকাল সোয়া তিনটার সময় হাড়াভাঙ্গা সেন্টারপাড়া পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।
পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক কামাল হোসেন জানান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বামুন্দী-কাজীপুর প্রধান সড়কের হাড়াভাঙ্গা সেন্টারপাড়া এলাকায় তল্লাশী চৌকি বসানো হয়। এ সময় মোটরসাইকেল যোগে ২ জন আরোহী আসছিলেন। তাদের মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করলে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ চোরাচালানীদের লক্ষ্য করে এক রাউন্ড সর্টগানের গুলি বর্ষণ করে। ফলে গাঁজা ভর্তি ব্যাগ ফেলে রেখে চোরাচালানীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এসআই কামাল হোসেন আরো জানান, ঘটনাস্থল থেকে গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে গেলেও কাজীপুর ফুলতলা পাড়া এলাকার ঠান্ডু হোসেন নামের একজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। মাদক পাচারকারী ঠান্ডুর নামে গাংনী থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই কামাল হোসেন।
