উত্তর কোরিয়ার প্রধান পরমাণু কেন্দ্রটি পুনরায় চালু করা নিয়ে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বলেছে, উত্তর কোরিয়ার বরং উচিত আন্তর্জাতিক বিধি-নিষেধগুলো পূরণ করার ওপর জোর দেয়া। খবর বিবিসির।
ইয়ংবিয়নে অবস্থিত পারমাণবিক চুল্লিটি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য প্লুটোনিয়ামের উত্স। সহায়তার বিনিময়ে নিরস্ত্রীকরণের অংশ হিসেবে ২০০৭ সালে পারমাণবিক চুল্লিটি বন্ধ করা হয়েছিল। কিন্তু তৃতীয় পরমাণু পরীক্ষা এবং ব্যাপক আঞ্চলিক উত্তেজনার পর ২০১৩ সালে পিয়ংইয়ং এটি পুনরায় চালু করার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের একটি সংস্থা চলতি বছর জানিয়েছিল, স্যাটেলাইট ছবি ইঙ্গিত দেয় ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রে পুনরায় কাজ শুরু হয়েছে। তবে মঙ্গলবার প্রথমবারের মতো উত্তর কোরিয়ার তরফ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
হোয়াইট হাউজের মুখপাত্র জোস অর্নেস্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়াকে পরমাণু রাষ্ট্র হিসেবে গ্রহণ করবে না। তিনি বলেন, ‘যে অঙ্গীকারগুলো তারা করেছে উত্তর কোরিয়াকে তা পূরণের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে ছয় পক্ষের আলোচনার প্রেক্ষাপটে আমরা আমাদের অংশীদারদরে সঙ্গে কাজ করব।’
অর্নেস্ট আরো বলেন, ‘আমরা আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি যে উত্তর কোরিয়ার উচিত দায়িত্বহীন উস্কানি দেয়া থেকে নিবৃত্ত হওয়া, যা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এবং এর পরিবর্তে আন্তর্জাতিক বিধি-নিষেধগুলো পূরণ করার ওপর জোর দেয়া উচিত।’
