আইপিএফএফ-২য় প্রকল্প

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৪১

বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি-২য় (আইপিএফএফ-২য়) প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে (পিএফআই) তালিকাভুক্ত হলো নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করে ব্যাংকটি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও আইপিএফএফ ২য় প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রথীন কুমার পাল, মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত বছরে এ প্রকল্পের আওতায় প্রথম ও ২য় পর্যায়ে নির্বাচিত ১১টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি সই হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইপিএফএফ-২য় প্রকল্পের আওতায় বেসরকারি খাত কর্তৃক গৃহীত সরকার অনুমোদিত অবকাঠামো প্রকল্পে পিএফআই হিসেবে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪০৩ দশমিক ৭০ মিলিয়ন ডলার সমপরিমাণ ৩ হাজার ১৭৭ কোটি ১২ লাখ টাকার দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করা হবে। এ প্রকল্পের আওতায় অর্থায়নযোগ্য খাতগুলো হলো-বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন ও বিতরণ, নবায়নযোগ্য জ্বালানি ও সেবা, বন্দর (স্থল, জল ও বিমান) নির্মাণ ও উন্নয়ন, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক-মহাসড়ক, ফাইওভার ও এক্সপ্রেসওয়ে নির্মাণ, পানি সরবরাহ ও স্যুয়ারেজ ব্যবস্থাপনা এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও পার্ক উন্নয়ন।