শ্রীলঙ্কায় বিশেষ আদালত স্থাপনের আহ্বান জাতিসংঘের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২০
 
শ্রীলঙ্কার স্বাধীনতাকামী তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার করতে বিশেষ আদালত স্থাপনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
 
২০০৯ সালে শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহীদের নির্মূল করে দেশটির সেনাবাহিনী। এর ছয় বছর পর এসংক্রান্ত রিপোর্ট প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। ২০০৯ সালে যুদ্ধের চূড়ান্ত সময়ে দুপক্ষই নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছিল বলে রিপোর্টটিতে অভিযোগ করা হয়েছে।
 
রিপোর্টটিতে নিরপেক্ষতার স্বার্থে যুদ্ধাপরাধ আদালতে বিদেশি বিচারক ও তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘের হিসেবে ২০০৯ সালে যুদ্ধের শেষ দিকে প্রায় ৪০ হাজার তামিল নিহত হয়েছে। ১৯৮২ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা যদ্ধে দুপক্ষের ৮০ হাজার থেকে এক লাখ মানুষ নিহত হয়।
 
তামিল টাইগারদের দমন করার সময় সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এমন অভিযোগ খতিয়ে দেখতে এ সপ্তাহের শুরুর দিকে 'ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন' গঠনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সূত্র: বিবিসি