নীলফামারীর জলঢাকায় এক গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ মহিলারা। শ্লীলতাহানীর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গতকাল সকালে মুর্শিদা বেগম (৩৫) নামে এক মহিলা বাজার করে বাসায় যাওয়ার পথে বালাগ্রাম ইউনিয়নের চৌপুথি ঈদগাহ মাঠের কাছে জলঢাকা টিএনটি অফিসের লাইনম্যান মতিয়ার রহমান সহ ৪/৫ জন ওই গৃহবধুর উপর আক্রমণ করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় বাধা দিতে গেলে তাকে মারধর করে। জানা গেছে মতিয়ার একাধিক মামলার আসামী।
বর্তমানে আহত অবস্থায় মুর্শিদা বেগম জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনা জানাজানি হলে ওই এলাকার মহিলারা আসামীকে গ্রেফতারের দাবীতে মিছিল নিয়ে জলঢাকা থানায় আসে। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষুব্ধ মহিলাদের আশ্বাস প্রদান করলে তারা শান্ত হয়।
গতরাতে আহত মহিলা ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার অভিযুক্ত মতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ই্নচার্জ দিলওয়ার হাসান ইনাম ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।
