যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার সারাদেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ-মাহফিল, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জেলা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সমপাদক ফয়জুল আনোয়ার আলাউর প্রমুখ। এ ছাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা যুক কমান্ড সিলেট জেলাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা যুব কমান্ড‘র কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের, মনেজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা আফতাব আলী প্রমুখ।
বরিশাল: সকালে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমানসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
খুলনা: খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এই ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশের আয়োজন করে। বিভাগের ১০ জেলার সহস্র শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা আলমগীর কবির প্রমুখ।
রংপুর: রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ মুকুল, যগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
বাগেরহাট: জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রেলরোড দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দীন, কাজী মুকিত ঝন্টু, যুগ্ম-সম্পাদক সরদার ফখরুল আলম প্রমুখ।
জয়পুরহাট: বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা শিশুদের জন্য চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী।
মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমানসহ অনেকেই। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মাদারীপুর: জেলা আওয়ামী লীগের দিনভর অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, ঐতিহাসিক ভাষণ বাজানো, আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সঞ্চালনায় আলোচনা সভায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঝিনাইদহ: জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এরফানুল হক চৌধুরী, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বিল্লাল গনি, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।
ভোলা (দক্ষিণ): মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশ্রাফ হোসেন লাভুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেরফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।
নোয়াখালী: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ র্যালি বের করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ মণ্ডল প্রমুখ।
বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। আরো বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. মকবুল হোসেন মুকুল, অ্যাড. আমানুল্লাহ্্, রাগেবুল আহসান রিপু প্রমুখ।
