হাকিমপুরে জুটমিলে কাজ করে সংসারে আর্থিক সচ্ছলতা এনেছেন হিলি সীমান্তের নারী শ্রমিকেরা। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সামলিয়ে আবার কাজেই বেরিয়ে পড়ছেন উপজেলার শত শত নারী শ্রমিক। এসব নারী শ্রমিকদের আশার আলো দেখাচ্ছে স্থানীয় আরনু জুট মিল। সেখানে তারা তৈরি করছেন বস্তা, বস্তা সেলাই, বাছাই, দড়িসহ যাবতীয় কাজ। এমনকি মেশিনও চালাচ্ছেন তারা। প্রতিদিন ৩০০ নারী শ্রমিক এখানে কাজ করছেন। বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া উপজেলার হিলি সীমান্ত। এ কারণেই এখানকার অধিকাংশ নারী-পুরুষ চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলো। এখন চোরাচালান ছেড়ে সংসারের অভাব ঘুচাতে স্থানীয় আরনু জুটমিলে শত শত নারী কাজ করছেন। পুরুষের পাশাপাশি দিনে ৮ ঘণ্টা করে কাজ করে তারা সংসার চালায়।
