শরণার্থীদের সঙ্গে হাঙ্গেরির আচরণে স্তম্ভিত জাতিসংঘ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪২

হাঙ্গেরির পুলিশ শরণার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করায় স্তম্ভিত জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিংসঘর সর্বোচ্চ এই কর্মকর্তা বলেছেন শরণার্থীদের সঙ্গে এমন ব্যবহার কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।


গতকাল বুধবারে শত শত শরণার্থী হাঙ্গেরি ও সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া ভেঙ্গে ঢোকার চেষ্টা করে। আর সেই শরণার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে হাঙ্গেরিয়ান পুলিশ। বিপদ পাড়ি দিয়ে আশ্রয় নিতে আসা মানুষদের সঙ্গে এমন ব্যবহারে স্তম্ভিত জাতিসংঘ প্রধান বান কি মুন। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন, এই শরণার্থীদের সঙ্গে যে ধরণের আচরণ করা হয়েছে তাতে আমি স্তম্ভিত, এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। সব দেশেরই ঘরোয়া সমস্যা রয়েছে। কিন্তু এই মানুষগুলো যুদ্ধ ও মৃত্যুর হাত থেকে বেচে ফিরেছে। ইউরোপিয়ান  ও এশিয়ান নেতৃত্বের কাছে জাতিসংঘের প্রধান বলেন, তাদের অবশ্যই মানবাধিকারগুলো অবশ্যই আপনাদের রক্ষা করতে হবে।

IMG0


 মধ্যপ্রাচ্য থেকে ধেয়ে আসা এই শরণার্থী সংকট কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে ইউরোপিয় ইউনিয়নের মধ্যে মতদ্বৈধতা চলছে। হাঙ্গেরির ভেতর দিয়ে এসব শরণার্থীর বেশির ভাগের লক্ষ্য জার্মানি।

 

IMG1


হাঙ্গেরি টিয়ারশেল নিক্ষেপ করার কারণ হিসেবে উল্লেখ করে, শরণার্থীরা শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে একটি গেট ভাঙ্গার চেষ্টা করছিলো। তাদের আটকাতে গিয়ে ২০ জন পুলিশ আহত হয়েছে। দুইজন শরণার্থী আহত হওয়ার কথাও নিশ্চিত করেছে। হাঙ্গেরি তার সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত ভেদ করে বা ভেঙ্গে বেআইনি ভাবে প্রবেশ করাদের বিরুদ্ধে দ্রুত বিচার করে শাস্তি দিতে বিশেষ ভাবে আদালতে কার্যক্রম শুরু হয়েছে।


এরই মধ্যে হাঙ্গেরি হয়ে দুই লাখ শরণার্থী ইউরোপের শেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। উল্লেখ্য, শেনজেন চুক্তিতে স্বাক্ষর করা ইউরোপীয় দেশগুলোতে সীমান্ত ছাড়া অবাধে চলাচল করা যায়। বিবিসি