আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ভোলার উপ-শহর বাংলাবাজারে প্রতিষ্ঠা করেছেন স্বাধীনতা জাদুঘর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২৫ জানুয়ারি আধুনিক স্থাপত্য শৈলীর তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ জাদুঘর উদ্বোধন করেন। তিন তলা বিশিষ্ট জাদুঘরের নিচ তলায় লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে সাজানো হয়েছে। জাদুঘরের দেয়ালে সাদাকালো ছবিতে মূর্ত হয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডায়াসে তাঁর চশমা, কলরেডির মাইক আর সামনে লাখ লাখ মানুষ। তিনি ৭ মার্চের ভাষণ দিচ্ছেন। দর্শনার্থীদের জন্য জাদুঘরটি বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে উম্মুক্ত থাকে।
