চরফ্যাশনে বাল্যবিবাহের দায়ে কাজী জেলহাজতে

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৫৫

চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়ন বিবাহ রেজিস্ট্রার (কাজী) কামরুল ইসলামকে বাল্যবিবাহ সম্পাদনের দায়ে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশীষ কুমার এ দণ্ডাদেশ দেন। শশীভূষণ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দণ্ডিত কাজী কামরুল ইসলামকে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আশীষ কুমার জানান, বাল্যবিবাহ সম্পাদন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার পশ্চিম এওয়াজপুর এলাকায় গিয়ে এওয়াজপুর গ্রামের হাফিজউল্লাহর ছেলে (২৩) আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুর রসিদের মেয়ের (১৬) বিবাহ সম্পাদনের সত্যতা পেয়ে কাজী কামরুল ইসলামকে আটক করে উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এসময় বরসহ বর এবং কনেপক্ষ পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।