অন্য দেশে গিয়ে যুদ্ধের অনুমতি পেল জাপানি সেনারা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫৮
 
দীর্ঘ ৭০ বছর পর অন্যের দেশে গিয়ে যুদ্ধের অনুমতি পেয়েছে জাপানি সৈন্যরা। দীর্ঘদিন যাবৎ চলা বিক্ষোভ ও আন্দোলনকে উপেক্ষা করে অবশেষে চূড়ান্তভাবে বিলটি পাশ হল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় রাজধানী টোকিওতে অবস্থিত জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষের ‘হাউজ অব কাউন্সিলররা’ এই বিল পাশ করায়।
 
এর আগে গত ১৬ জুলাই বিলটি জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ করা হয়েছিল। এরপর চলতি মাসের ২৭ তারিখে সংসদ মুলতবি ঘোষণার আগেই নিরাপত্তা বিল পাশের কথা ছিল। সরকার পক্ষ থেকে শুক্রবার বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনার কথা থাকলেও তার একদিন আগেই তা অনুমতি পেল।
 
IMG0
অন্যদিকে, বুধবার থেকে বিক্ষোভ করে আসা কয়েক হাজার মানুষ রাতেই পার্লামেন্ট ভবনের আশেপাশে অবস্থান করে। বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে দেশটির নাগরিকরা বির্তকিত এ নিরাপত্তা বিল বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। সব কিছুকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে কাউন্সিলররা বিকালে বিলটি পাশ করায়। এই সময় বিরোধীদল ও সরকারদলীয় সাংসদদের মধ্যে তুমুল হট্টোগোল দেখা দেয়। সংসদের ভিতরেই ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
 
IMG1
বিল পাশের খবরের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮ টা) জাপানের জাতীয় সংসদের পাশে হাজার হাজার সাধারণ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে।