রাজধানীর কদমতলী এলাকা থেকে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী জনিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া যাত্রাবাড়ী থেকে ডাকাত সন্দেহে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দু’টি প্রাইভেটকার, চাপাতি, ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী জনি এবং ডাকাতির প্রস্তুতির সময় ৮ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দু’টি প্রাইভেটকার, চাপাতি, ছুরি, পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে।
