লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে চণ্ডিপুরে চাঙ্গিরগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ৬ রাউন্ড গুলি, দুটি চাপাতি, একটি ছুরি, নগদ ২৫০০ টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রামগঞ্জের চণ্ডিপুরের মৃত অহিদ উল্যার ছেলে মো. কামাল, সোনাপুরের কামাল হোসেনের ছেলে মাসুদ, কালুপরের রহিম বক্সের ছেলে রিকশা চালক হোসেন ও কাজির খিলের আবু ছায়েদের ছেলে খোরশেদ আলম।
সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় চণ্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও ডা. হরেন্দ্র কুমার শীলের ঘরে ১০-১৫ ডাকাতদল ঘরের সবাইকে জিম্মি করে ৭০-৮০ হাজার টাকার মালমাল লুট করে। পরে হরিন্দ্র কুমার শীল থানায় খবর দিলে এস আই কাওসার, এ এস আই আমিনুর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা থেকে চালকসহ ৪ জনকে গ্রেফতার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, স্থানীয় হরেন্দ কুমার শীলের বাড়িতে ডাকাতি হচ্ছে- এমন খবর পেয়ে ফোর্স নিয়ে ওই বাড়ি থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই কুখ্যাত ডাকাত ও তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
