জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলি : ৫ বাংলাদেশি আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১২
 
জয়পুরহাটের ভূটিয়াপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত হলে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আহতরা হলেন সায়েম উদ্দিন (৩২), ফারুক (২৮), পরিমল চন্দ্র (৩২), আবু জাফর বিদ্যুৎ (২০) ও নির্মল চন্দ্র (৩৫)। এরা সকলেই সদর উপজেলার ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে সায়েমের অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা জানান, রামকৃষ্ণপুর গ্রামের সীমান্ত সংলগ্ন একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর পর ফিরে গিয়ে অতিরিক্ত বিএসএফ এসে অতর্কিত গুলি ছোড়ে। এতে ওই ৫ গ্রামবাসী আহত হয়।
 
এ ঘটনায় জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, অফিসার মেজর রুমিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। বিজিবি’র পক্ষ থেকে পতাকা বেঠকের আহ্বান জানানো হয়েছে।