ইরাক কিংবা সিরীয় যুদ্ধে ভারতীয়দের অংশ নিতে অনুমতি দেয়া হলে সেটি দেশে সাম্প্রদায়িক সংঘাত বাড়াবে এবং সন্ত্রাসকে আরো উত্সাহিত করবে। তাই একটি ধর্মীয় সংগঠনের এ সংক্রান্ত অনুমতির আবেদন নাকচ করেছে ভারত সরকার। খবর এনডিটিভির।
ইরাকে পবিত্র উপাসনালয়গুলো রক্ষার লক্ষ্যে সেখানে যাওয়ার অনুমতি চায় আঞ্জুমান-ই-হায়দারি (এইএইচ) নামক একটি ধর্মীয় সংগঠন। কিন্তু সরকার তাদের এ আবেদন নামঞ্জুর করেন। দিল্লি হাই কোর্টে এক হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—ইরাক অথবা সিরিয়ার যুদ্ধে যেকোন সম্প্রদায়ের লোককে পাঠানোর অনুমোদন দেয়া হলে সেটি ভারতের অন্যান্য অংশেও প্রভাব ফেলবে। এটি দেশের মধ্যে পুরোপুরি সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করবে, যেটা আমাদের জাতির উদ্দেশ্য নয়।
মন্ত্রণালয় আরো জানায়—অন্য দেশের যুদ্ধে অংশ নিতে যাওয়ার জন্য নাগরিকদের অনুমতি দেয়া হলে এতে অভিযোগ উঠবে, ভারত সরকার অন্যান্য দেশে সন্ত্রাসকে উত্সাহিত করছে। কেননা এসব লোকজন যুদ্ধের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পাবে। এ ছাড়া, বিভিন্ন সম্প্রদায়ের নেতারাও এ উদ্দেশে কোনো ভারতীয় নাগরিককে অন্য দেশে না পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন। কেননা এতে আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
