৫৪ বছর পর যুক্তরাষ্ট্রে কূটনীতিক নিয়োগ দিয়েছে কিউবা। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার বরফ গলার পর দেশটির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হলো। খবর বিবিসির।
কিউবায় পোপ ফ্রান্সিসের সফরে আসার কথা রয়েছে। এ ছাড়া, দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো জাতিসংঘে ভাষণ দেয়ার জন্য নিউ ইয়র্ক যাবেন বলে জানা গেছে। ঠিক এমনই একটি সময়ে এ নিয়োগের ঘোষণাটি আসল।
জোস ক্যাবানাস নামের একজন অভিজ্ঞ কূটনীতিককে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। হোয়াইট হাউসে তার নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। এ সময় তিনিসহ অন্যান্য দেশের মোট ১৫ জন কূটনীতিকের নিয়োগপত্র গ্রহণ করে হোয়াইট হাউস।
এ দিকে, ২০১২ সাল থেকে ওয়াশিংটনে অবস্থান করছেন ক্যাবানাস। এ সময় কিউবার ‘স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়’ তিনি দেখাশোনা করেছেন। তিনি পুরোদস্তুর একজন কূটনীতিক, তবে তার দেশে পররাষ্ট্র-সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া, বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে চাকরি করেছেন ক্যাবানাস। ও দিকে, ওয়াশিংটন এখনো হাভানায় তাদের রাষ্ট্রদূত নিয়োগ করতে পারেনি।
জানা গেছে—দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ১৯৯৫ সালে জাতিসংঘে ভাষণ দেয়ার জন্য শেষবারের মতো আমেরিকার মাটিতে পা রাখেন। এরপর এই প্রথম তার ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ওই একই উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন। গত জুলাইয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়।
