যানজট কমাতে সাতরাস্তা-চেরাগ আলী সড়কে ইউলুপ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:১২
যানজট কমানোর জন্য রাজধানীর হাতিরঝিল-সাতরাস্তা মোড় থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত সড়কে ইউলুপ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এই তথ্য জানিয়েছেন।
 
শনিবার সকালে উত্তরায় জসীম উদ্দীন মোড়ে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। 
 
আনিসুল হক বলেন, আগামী সপ্তাহে কাকলী, এয়ারপোর্ট, জসীম উদ্দীন এবং আব্দুল্লাহপুরে চারটি প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হতে সময় লাগবে ছয় মাস। 
 
এছাড়া পরবর্তীতে সোনারগাঁও মোড়, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান-১ ও ২ এলাকার সংযোগ সড়কগুলো ইউলুপ করা হবে। 
 
এসব কাজে অর্থায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন। 
 
আনিসুল হক বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৫০ শতাংশ যানজট কমবে।