আগামী চার বছরের মধ্যে ফের আকাশে ডানা মেলতে পারে সুপারসনিক যাত্রীবাহী বিমান কনকর্ড। ব্রিটেনের একদল কনকর্ডভক্ত ইতিমধ্যে অন্তত একটি বিমান কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছেন। 'ক্লাব কনকর্ড' নামের গ্রুপটি ২০১৯ সালের মধ্যে অত্যন্ত ব্যয়বহুল বিমানটিকে আকাশে ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। খবর- বিবিসির।
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, বিমান সংগ্রহকারী ও শৌখিন বৈমানিকদের গ্রুপটি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১২০ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছেন। আরো একটি কনকর্ড সংগ্রহ করে লন্ডনের কেন্দ্রস্থলে প্রদর্শনীর জন্য রেখে দেয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।
সর্বশেষ ২০০৩ সালে আকাশে উড়েছিল কনকর্ড। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় যাত্রী সংকটে ভুগছিল বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। এটিই ছিল একমাত্র যাত্রীবাহী বিমান যা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে পারতো।
ক্লাব কনকর্ডের প্রেসিডেন্ট পল জেমস বলেছেন, অন্তত দুটি কনকর্ড কেনা অথবা লিজ নেয়ার জন্য কথাবার্তা চলছে। ফ্রান্সের কাছ থেকে এই বিমানগুলো কেনার কথা জানান তিনি। ২০১৯ সালে কনকর্ডের প্রথম উড্ডয়নের ৫০ বছর পূর্তি হবে। সূত্র: বিবিসি
