রাজধানীর গুলশান এলাকায় প্রাইভেটকার থেকে গুলি ছুড়ে পালিয়ে গেছে চার যুবক। গুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই চার যুবক মাতাল ছিলেন বলে পুলিশ দাবি করেছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টায় গুলশান-২ স্ট্রিক ফায়ার রেস্টুুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টায় গুলশান-২ নম্বরে ওই রেস্টুুরেন্টের সামনে একটি কালো রঙের জাগুয়ার কারে মাতাল অবস্থায় চার যুবক ওঠে। গাড়িতে ওঠার পরপরই হাত উঁচিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। হঠাত্ গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। গুলি ছোড়ার পরপরই গাড়িটি দ্রুত বেগে স্থান ত্যাগ করে। গুলশান-২ নম্বর থেকে গুলশান-১ নম্বর গোলচক্করের দিকে যাওয়ার সময় পুলিশের একটি টহল টিম ছিল।
পুলিশ জানিয়েছে—গাড়িটির কোনো নম্বরপ্লেট ছিল না। সামনে একটি স্টিকার ছিল। ফলে কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি পালিয়ে যায়।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা তিন রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে চলে যায়। ওই এলাকায় কোনেও সিসি ক্যামেরা না থাকায় তাদের শনাক্ত করা যায়নি। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
