‘টাকা লেনদেনের জেরে বণিক বার্তার বিজ্ঞাপন কর্মকর্তা খুন’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ২২:০০
 
সাড়ে তিন লাখ টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দৈনিক বণিক বার্তার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। পরিকল্পিতভাবে তাকে খিলক্ষেতের নামাপাড়া এলাকার ২১১/১/এ নম্বর বাড়িতে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারই ব্যবসায়িক পার্টনার ও খালাতো ভাই ফয়সাল ওরফে প্যাডি। শনিবার গ্রেফতার প্যাডি হত্যার ঘটনায় নিজেকে সম্পৃক্ততার কথা উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফয়সাল। গ্রেফতার অপর তিন জন নাজমুল, রায়হান ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
দুই দিন নিখোঁজ থাকার পর শুক্রবার ভোরে খিলক্ষেতের নামাপাড়া এলাকার মেস থেকে জাহাঙ্গীর আলমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রোখসানা পারভীন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
 
খিলক্ষেত থানার ওসি শহীদুল হক বলেন, ‘জাহাঙ্গীর চাকরির পাশাপাশি গার্মেন্টস ব্যবসায় সম্পৃক্ত ছিলেন। কিছুদিন আগে ফয়সাল তাকে এক হাজার পিস প্যান্ট সরবরাহ করেন। এই বাবদ তাকে সাড়ে তিন লাখ টাকার চেকও দেন জাহাঙ্গীর। চেকে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। কিন্তু জাহাঙ্গীর দ্রুত নগদ টাকা চাইছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইয়াবা সেবনের পর জাহাঙ্গীরকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’
 
ওসি বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে নাজমুল হাসান রাকিবের প্রেমিকা সম্প্রতি পরিবারের পছন্দে বিয়ে করেন। এরপরও তাকে বিরক্ত করতেন রাকিব। কয়েকদিন আগে ওই তরুণীর বাবা-মা রাকিব ও ফয়সালকে নিয়ে এক ঘরোয়া বৈঠকে মিলিত হন। এ সময় তারা তাদের মেয়েকে বিরক্ত না করার জন্য রাকিবকে অনুরোধ করেন। কিন্তু রাকিবের ভাষ্য ছিল, তিনি কিছুতেই তাকে ভুলতে পারবেন না। দ্রুত অনেক টাকা সংগ্রহ করে তিনি ওই তরুণীকে বিয়ে করবেন। টাকার জন্যই তিনি ফয়সালকে সহায়তা করেন। এর মধ্যে তিনি জাহাঙ্গীরের মোটরসাইকেলটি বিক্রি করার চেষ্টা করেছেন। শুক্রবার রাতেই সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’
 
মামলাটির তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই আবদুল জলিল বলেন, ‘গ্রেফতার নাজমুল হাসান রাকিব, রায়হান সারোয়ার ও ফাহিম হাসান খানকে গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়। এ সময় হাকিম তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। ফয়সাল প্যাডি হত্যায় নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।’