ইরাকে কুর্দিদের ওপর তুর্কি বিমান হামলা: নিহত ৫৫

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ২২:৫৪
 
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরে তুর্কি বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়।
 
জুলাইতে উত্তর ইরাকে পিকেকের ঘাঁটিতে তুর্কি যুদ্ধবিমানগুলো হামলা চালালে আঙ্কারার সঙ্গে পিকেকে বিদ্রোহীদের যুদ্ধবিরতি ভেস্তে যায়। তারপর থেকে প্রায় প্রতিদিন তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে পিকেকে বিদ্রোহীদের সঙ্গে তুর্কি নিরাপত্তাবাহিনীগুলোর প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে।
 
এর জবাবে পার্বত্য উত্তর ইরাকে পিকেকের শিবিরগুলোতে ক্রমাগত বোমাবর্ষণ করছে তুরস্কের নিরাপত্তা বাহিনীগুলো। দুপক্ষের চলমান লড়াই গত দুই দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। পহেলা নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনের আগে পিকেকের উপর হামলার রাশ টানার কোনো লক্ষণও দেখাচ্ছে না আঙ্কারা।
 
তুরস্কের কুর্দি এলাকাগুলোর বৃহত্তর স্বায়ত্তশাসনের লক্ষ্যে লড়াই করছে বলে দাবি পিকেকের। কিন্তু তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।