‘ভারত চাইলেই ২ হাজার পরমাণু বোমা বানাতে পারে’—এমন খবরের ভিত্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে পাকিস্তান। শুধু তাই নয় মাঝারি ও দূরপাল্লার অগণিত ক্ষেপণাস্ত্রও তারা বানাতে পারে বলে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার খবর। ভারতের এই গোপন প্রতিবেদনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার তড়িঘড়ি বৈঠকে বসেন সেদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে। খবর আনন্দবাজার পত্রিকার।
পাকিস্তানের সামরিক বিষয়ে চূড়ান্ত ক্ষমতার অধিকারী এনসিএ (ন্যাশনাল কমান্ড অথরিটি) ওইদিন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উঠে এসেছে ভারতের অস্ত্রাগারে প্রচুর পরমাণু বোমা এবং বিভিন্ন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের বিপুল সম্ভারের কথা। বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা ছিলেন। ইসলামাবাদের কাছে খবর, ভারতের কাছে পরমাণু বোমা তৈরির জন্য প্রায় এক টন প্লুটোনিয়াম রয়েছে। রিঅ্যাক্টর গ্রেড প্লুটোনিয়াম রয়েছে আরও ১৫ টন। পারমাণবিক অস্ত্রভাণ্ডার বিপুলহারে বাড়ানোর জন্যই ভারত এত প্লুটোনিয়াম মজুত করেছে বলে পাকিস্তানের আশঙ্কা। শুধু বোমা নয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও ভারত অনেকটা এগিয়ে গেছে বলে পাকিস্তান সরকারকে খবর দিয়েছে সেদেশের গোয়েন্দারা। বৈঠকে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবিলায় পাকিস্তানকেও অবশ্যই কৌশলী হতে হবে বলে বলা হয়। অর্থাত্ পাকিস্তান এর জবাবে আরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করবে।
