পল্লবীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ০৯:১৭
রাজধানীর পল্লবীতে তানিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। শনিবার রাত ১০টার দিকে ওই এলাকার বিন্দাবন বস্তিতে এ ঘটনা ঘটে।
 
নিহত কিশোরীর বাবার নাম হেমায়েত শিকদার। বাড়ি বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামে। সে ওই বস্তিতে বাবা-মার সঙ্গে থাকতেন।
 
মা রেনু বেগম জানান, মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরেন। ঘর বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও জানালা দিয়ে দেখে তার মেয়ে বিছানায় কম্বল দিয়ে শুয়ে রয়েছে। মেয়েকে ডাকাডাকি করলে সে কোনো জবাব দেয়নি। পরে তার কাছে থাকা চাবি দিয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত কিশোরীর বাবা হেমায়েত শিকদার অভিযোগ করে জানান, স্থানীয় এক ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। ওই ছেলেই তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে।
 
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এ ধরনের একটি মৃত্যু সংবাদ পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।