দ্রুত নিয়োগ চাই মেডিক্যাল টেকনোলজিস্টদের

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:১৫

বর্তমানে দেশে উপজেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রচুর সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। আরো রয়েছে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ব্যাপক সংখ্যক মেডিক্যাল টেকনোলজিস্ট দরকার। সর্বস্তরে চিকিত্সাসেবা নিশ্চিত করতে প্রতি বছর প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক, নার্স নিয়োগ দেওয়া হলেও ১০ বছর ধরে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে রোগনির্ণয়। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বর্তমানে দেশে প্রশিক্ষিত বেকার মেডিক্যাল টেকনোলজিস্টের সংখ্যা প্রায় ৪০ হাজার। দশ বছর ধরে নিয়োগ বন্ধ থাকলেও সরকার দেশের বিভিন্ন জেলা, উপজেলা হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো এবং নতুন নতুন হাসপাতাল স্থাপন করলেও মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ থাকার কারণে চিকিত্সার মূল বিষয় রোগনির্ণয় করা হচ্ছে অদক্ষ ল্যাব অ্যাটেনডেন্ট এবং ওয়ার্ড বয় দিয়ে। ফলে সঠিক রোগ নির্ণয় ব্যাহত হওয়ায় সঠিক চিকিত্সাও হচ্ছে না। দক্ষ এবং প্রশিক্ষিত মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের মাধ্যমে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। চিকিত্সাসেবাকে এগিয়ে নিতে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, জনগণকে সুষ্ঠু রোগনির্ণয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 

আশীষ শীল শ্রাবণ

বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট

পরিষদ (বিএমটিপি), চট্টগ্রাম