দ্বিধা ও শঙ্কার মধ্যেই ১০ হাজার শরণার্থী অস্ট্রিয়ায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪৯

ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো শরণার্থী সমস্যা নিয়ে যখন দ্বিধা দ্বন্দে তার মধ্যেই গতকাল শনিবারে আরো দশ হাজার মানুষ অস্ট্রিয়া সীমান্তে প্রবেশ করেছে।
এর আগে এই শরণার্থীদের ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরিতে পাঠানো হয়েছিল।

 

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হাঙ্গেরি থেকে আবার তাদের অস্ট্রিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। হাঙ্গেরি এর আগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শরণার্থীদের নাম নিবন্ধন না করে তাদের সীমান্তে পাঠানোয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। কিন্তু বিবিসি জানিয়েছে অস্ট্রিয়ায় পাঠানোর আগে হাঙ্গেরিও শরণার্থীদের নাম নিবন্ধন করেনি।

IMG0


গতকাল শনিবার অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছিল তারা দশ হাজার মানুষ আসবে বলে ধারণা করছেন। কিন্তু অস্ট্রিয়ান রেড ক্রসের প্রধান গেরি ফইটিক বলেছেন কমপক্ষে ১৩ থেকে ১৪ হাজার মানুষ প্রবেশ করেছে। অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, হাঙ্গেরি থেকে তাদের যথেষ্ট তথ্য সরবরাহ করা হয়নি।
বুধবারের পর থেকে ক্রোয়েশিয়ায় ২০ হাজারেরর অধিক শরণার্থী প্রবেশ করে। শুক্রবারে তারা জানায় আর শরণার্থী গ্রহণ করা সম্ভব নয় এবং তাদের হাঙ্গেরিতে পাঠানো শুরু করে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ স্বীকার করেন যে হাঙ্গেরির সঙ্গে কোনো ধরণের মতৈক্য ছাড়াই তাদের পাঠানো হচ্ছে এবং তারা এটি করতে থাকবেন।

IMG1


তবে এত গন্ডগোলের মধ্যেও অস্ট্রিয়াতে পৌছাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শরণার্থীরা। একজন শরণার্থী অস্ট্রিয়ায় পৌছে বলেন, আমার মনে হচ্ছে নতুন করে জন্ম হয়েছে আমার। এতে কোনো কিছু যায় আসে না যে আমার দেরি হয়েছে বা এখানে মাত্র দুইদিন থাকবো। গুরুত্বপুর্ণ হচ্ছে যে আমি এখানে অবশেষে আসতে পারছি এবং আমি নিরাপদ। বিবিসি ও এপি