গ্রিসের নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৫


গ্রিসের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।রোববারের এ নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টি ও রক্ষণশীল নিউ ডেমোক্রেসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে নির্বাচনপূর্ব জরিপগুলোতে, জানিয়েছে বিবিসি।



চলতি বছর দেশটিতে তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জানুয়ারিতে প্রথম নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থি সিরিজা পার্টি। এরপর জুলাইতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন বেইলআউট চুক্তি ও কৃচ্ছ্রতার পরিকল্পনা গ্রহণ করা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ক্ষমতার আট মাসের মধ্যে সিরিজা সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে চাপে পড়ে নির্বাচনের ডাক দিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিপ্রাস।



নির্বাচনপূর্ব জরিপগুলোতে সিপ্রাস সামান্য ব্যবধানে জয় পাবেন এমন আভাস পাওয়া গেছে, তবে ব্যবধান এত কম তাতে নিউ ডেমোক্রেসির ভ্যাঙ্গেলিস মেইমারাকিস জয় পেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণভোটে নতুন বেইলআউট চুক্তি গ্রহণের বিপক্ষে রায় হওয়ার পরও ঋণদাতাদের প্রস্তাবটি গ্রহণ করায় জনপ্রিয়তা হারান সিপ্রাস। বেইলআউটে থাকা কৃচ্ছ্রতার বিষয়টির বিরোধীতা করার পরও পরে তা গ্রহণ করে সিরিজা।

 

এ নির্বাচনে যে দলই জয়ী হোক তাদের গভীর অর্থনৈতিক সঙ্কটে থাকা গ্রিসের কঠিন অর্থনৈতিক সংস্কারে নেতৃত্ব দিতে হবে। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে মোট ভোটের ৩৮ শতাংশ পেতে হবে, কিন্তু কোনো দলই তা পাবে না বলে ধারণা করা হচ্ছে। এতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলকেও সরকার গঠনে জোট বাঁধতে হবে। তৃতীয় স্থান নিয়ে সমাজতান্ত্রিক পাসোক পার্টির সঙ্গে চরম ডানপন্থি গোল্ডেন ডনেরও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা।

তবে গ্রিসের দরজায় কড়া নাড়া শরণার্থী সঙ্কট উগ্র অভিবাসন বিরোধী গোল্ডেন ডনের পক্ষে যেতে পারে বলে মনে করছেন তারা। বাংলােদশ সময় রাত দশটায় ভোট গ্রহণ শেষ হওয়ার ও এর দুই ঘন্টা পর নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ শুরু করার কথা রয়েছে।