সিরীয় শরণার্থী পুনর্বাসনে কানাডার পদক্ষেপ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৬
 
কানাডা সরকার বলেছে, অভিবাসন আবেদন প্রক্রিয়া সহজতর ও দ্রুত করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১০ হাজার সিরীয় শরণার্থী নেয়া হবে। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
 
অভিবাসন ও নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা ১০ হাজার সিরীয় শরণার্থী নেয়ার যে অঙ্গীকার করেছিল তা পরিকল্পিত সময়সীমার ১৫ মাস আগেই ২০১৬ সালের সেপ্টেম্বরের মধ্য পূরণ করা হবে।
 
 
IMG0
 
বিবৃতিতে বলা হয়েছে, শরণার্থীদের জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে প্রমাণ করতে হবে না যে তারা শরণার্থী। আর ভিসা কর্মকর্তারা তাদেরকে এটা প্রমাণ করতেও বলবেন না। এর পরিবর্তে সংঘর্ষের কারণে পালিয়ে আসা লোকজনকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে। এতে পুরো প্রক্রিয়া দ্রুত হবে।
 
অভিবাসনমন্ত্রী ক্রিস আলেকজান্ডার বলেন, শরণার্থীদের আবেদন প্রক্রিয়াকরণ করতে আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যে আরো কর্মী নিয়োগ দেয়া হবে।
 
ভূমধ্যসাগর হয়ে ইউরোপগামী সিরীয় শরণার্থীদের সাহায্য করতে ধীর পদক্ষেপের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কানাডার ক্ষমতাসীন রক্ষণশীল দলের সমালোচনা হচ্ছে।
এছাড়া ২৩ হাজার ইরাকি শরণার্থী নেয়ার যে অঙ্গীকার কানাডা করেছিল তা চলতি বছরের শেষ নাগাদের মধ্যেই পূরণ করা হবে। খবর: এএফপি।