রাজধানীর ২৩ হাটে ভ্রাম্যমান আদালত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১১


অনিয়ম, অতিরিক্ত হাসিল আদায় ও সড়কে পশুরহাট বসানো বন্ধে রাজধানীর ২৩টি হাটে সোমবার থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিয়োগকৃত ম্যাজিষ্ট্রেটরা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঢাকা সিটি করপোরেশন উত্তরে ৭টি, দক্ষিণে ১০টি ও ঢাকা জেলা প্রশাসককের তত্বাবধানে ৬টিসহ মোট ২৩টি পশুরহাটে সাতজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনায় অংশ নেবেন। এ সময় তারা হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়, সড়কে হাট বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিভিন্ন অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের জেল-জরিমানা করবেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বাসসকে বলেন, পশুরহাটে ক্রেতা-বিক্রেতাসহ হাটের সার্বিক নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, কোরবানীর পশুরহাট সংলগ্ন বাণিজ্যিক ব্যাংগুলোয় সান্ধ্যকালীন এবং ঈদপূর্ব ছুটিতে বিশেষ ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে।

তাছাড়া প্রতিটি পশুরহাটে ডিএমপি’র পক্ষ থেকে মানি এস্কট সেবা প্রদান করা হবে।

ডিএমপি’র এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, পশুরহাট গুলোতে সংশ্লিষ্ট ইজারাদারদের হাসিলের চার্ট বড় ব্যানারে টানিয়ে দিতে বলা হয়েছে। হাটগুলোতে যাতে ক্রেতা-বিক্রেতারা কোন রকমের হয়রানির শিকার না হন সে ব্যাপারে পুলিশ সতর্ক দৃষ্টি রাখবে। একই সংঙ্গে পশুরহাটে ছিনতাইকারি, মলমপার্টি, অজ্ঞানপার্টি ও প্রতারকদের ব্যাপারে পুলিশ কঠোর নজরদারি করবে। এসব প্রতারকদের খপ্পর থেকে ক্রেতা-বিক্রেতাদের সচেতন থাকতে পুলিশ কমিশনার আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাটগুলো হচ্ছে- পূর্বাচলমূখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পার্শ্বস্ত বাংলাদেশ পুলিশের হাউজিং এর জমি ও সংলগ্ন খালি জমি, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতু সংলগ্ন খালি জমি, খিলক্ষেত বনরুপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ৬ নম্বর ওয়ার্ড ইস্টার্ন হাউজিংয়ের খালি জমি, মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর ওয়ার্ড বাওনিয়া বাধ সংলগ্ন খালি জমি, গাবতলী স্থায়ী পশুরহাট, রায়েরবাজার কবরস্থান সংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন হাটগুলো হচ্ছে- সাদেক হোসেন খোকা মাঠ, ধূপখোলার ইস্ট এন্ড ক্লাব মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার, জিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগস্থ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যান এর বাড়ির মোড় দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা।

জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন হাটগুলো হচ্ছে- শ্যামপুর বালুর মাঠ, মুক্তি স্মরণী রোড-আদর্শ নগর রোড- গোয়ালবাড়ি মোড়-বর্ণমালা স্কুল সংলগ্ন ফাঁকা জায়গা, আশকোনা আশিয়ান সিটি হাউজিং এষ্টেট এর ফাঁকা জায়গা,নতুনবাজার বালু নদী সংলগ্ন জায়গা, সারুলিয়া স্থায়ী পশুরহাট ও বাড্ডা মেরাদিয়ার ইন্দুলিয়া-দাউদকান্দি-বাঘাপুর।