পূর্ব এশিয়ার আঞ্চলিক শান্তিকে জাপান হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে চীন। জাপানের সেনাদের বিদেশে গিয়ে যুদ্ধ করার অনুমতি দিয়ে বিতর্কিত একটি আইন পাশ করার পরই এই সতর্কবাণী উচ্চারণ করল দেশটি।
জাপানের পার্লামেন্ট ডায়েটে নতুন আইন পাশ করার পর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়ায় বলা হয়, 'ইতিহাস থেকে জাপানের শিক্ষা নেয়া উচিত'। নতুন আইনে ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পর ফের বিদেশের মাটিতে গিয়ে যুদ্ধ করার অনুমতি পেয়েছে দেশটির সেনাবাহিনী।
পূর্ব এশিয়ার দেশ দুইটির মধ্যে গত কয়েক মাসে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। চীন সাগরে বিতর্কিত কয়েকটি দ্বীপ নিয়ে সামরিক উত্তেজনাও দেখা গেছে। দুটি দেশই বিতর্কিত দ্বীপগুলো নিজেদের বলে দাবি করে আসছে। সূত্র: বিবিসি
